নারী ফুটবলারদের ড্রেসিংরুমে গোপনে ভিডিও ধারণের গুরুতর অভিযোগে চেক প্রজাতন্ত্রের সাবেক নারী ফুটবল কোচ পিটার ভ্লাচোভস্কিকে ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
চেক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। এর আগে স্থানীয় ক্লাব পর্যায়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে সাময়িকভাবে কোচিং কার্যক্রম থেকেও নিষিদ্ধ করা হয়েছিল।
পরবর্তীতে উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) তদন্ত শেষে তাকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দেয়। একই সঙ্গে বিষয়টি বৈশ্বিকভাবে কার্যকর করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA-এর কাছেও অনুরোধ জানানো হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, কয়েক বছরের মধ্যে বিভিন্ন নারী খেলোয়াড়ের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে এই কোচ জড়িত ছিলেন। বিষয়টি প্রথম সামনে আসে ২০২৩ সালে, যা সংশ্লিষ্ট ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ঘটনার পর তার সাবেক ক্লাব জানায়, অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয় এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হয়। ক্লাব কর্তৃপক্ষ এটিকে অত্যন্ত গুরুতর ও সংবেদনশীল ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























