বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, বহুল আলোচিত এই তারকা জুটি আনুষ্ঠানিক আয়োজনের আগেই গোপনে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছেন।
নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের নিয়ে ছোট পরিসরে তারা বিয়ের শপথ বিনিময় করেছেন। তবে ঠিক কবে বা কোথায় এই বিয়ে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি টেইলর সুইফটের ব্যক্তিগত জেট নাশভিলে অবস্থান করেছিল, যা বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
এদিকে, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের সম্ভাব্য জমকালো উদযাপন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার সেখানে এক হাজারেরও বেশি অতিথির উপস্থিতিতে একটি বড় আয়োজন হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ভেন্যু এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ইতোমধ্যে অভিনেতা ব্র্যাডলি কুপার, নির্মাতা লেনা ডানহাম, ক্রীড়া উপস্থাপক এরিন অ্যান্ড্রুজ এবং সংগীত প্রযোজক জ্যাক অ্যান্টনফসহ বেশ কয়েকজন তারকাকে অনুষ্ঠানস্থলের আশপাশে দেখা গেছে। এছাড়া সেলেনা গোমেজ, এড শিরান, এমা স্টোন ও গিগি হাদিদের মতো সুইফটের ঘনিষ্ঠ তারকারাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিনোদন অঙ্গনে বহুল আলোচিত এই আয়োজনকে অনেকেই ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন। দেশটির স্বাধীনতা দিবসের উদযাপন এবং চলমান বড় ক্রীড়া আয়োজনের আবহে এই অনুষ্ঠান নিউইয়র্কে বাড়তি উৎসবের আমেজ তৈরি করেছে।
এদিকে, সুইফট ও কেলসি চলতি সপ্তাহে বিভিন্ন দাতব্য সংস্থায় যৌথভাবে ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলেও তাদের প্রচার দলের বরাতে দাবি করা হয়েছে।
তবে এখন পর্যন্ত টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসির পক্ষ থেকে বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাদের মুখপাত্রও প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেননি। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা এখনো শেষ হয়নি।
বিনোদন ডেস্ক 






















