ভিডিও গেমপ্রেমীদের দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স) আগামী ১৯ নভেম্বর ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। এর আগে চলতি সপ্তাহেই শুরু হচ্ছে গেমটির প্রি-অর্ডার।
মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে রয়েছে গেমটির নির্মাণ ব্যয় ও উন্নয়নকাল। যদিও রকস্টার গেমস আনুষ্ঠানিকভাবে বাজেট প্রকাশ করেনি, তবে গেমিং শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনের দাবি, জিটিএ সিক্স তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ১৫০ থেকে ২০০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ থেকে ২৪ হাজার কোটি টাকা)। এ হিসাব সঠিক হলে এটি হবে বিনোদন জগতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি।
বিশ্লেষকদের মতে, গেমটির সম্ভাব্য নির্মাণ ব্যয় হলিউডের ‘অ্যাভাটার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’–এর সম্মিলিত প্রযোজনা ব্যয়ের চেয়েও বেশি। এমনকি বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা নির্মাণেও এর চেয়ে কম অর্থ ব্যয় হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুধু ব্যয় নয়, সময়ের দিক থেকেও রেকর্ড গড়েছে গেমটি। দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণে যেখানে প্রায় ছয় বছর সময় লেগেছিল, সেখানে জিটিএ সিক্স–এর উন্নয়নে ব্যয় হয়েছে ১২ বছরেরও বেশি সময়।
গেমটি নির্মাণে সফটওয়্যার প্রকৌশলী, থ্রিডি অ্যানিমেটর, ভয়েস আর্টিস্ট, গেম ডিজাইনার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশাল আন্তর্জাতিক দল কাজ করেছে। গেমের প্রতিটি পরিবেশ, আলোর প্রতিফলন, চরিত্রের আচরণ এবং ভার্চুয়াল শহরের খুঁটিনাটি বাস্তবসম্মত করে তুলতে দীর্ঘ সময় ধরে লাখ লাখ লাইনের কোড লেখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গেমটির বিশাল বাজেটের অন্যতম কারণ হলো এর অসাধারণ ‘অ্যাটেনশন টু ডিটেইল’। এর পাশাপাশি বিশ্বব্যাপী বিপণন ও প্রচারণার জন্যও বড় অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে।
তবে এই বিপুল বিনিয়োগ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয় নির্মাতা প্রতিষ্ঠান। কারণ, ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ফাইভ’ মাত্র তিন দিনেই ১০০ কোটি ডলার আয় করে ইতিহাস গড়েছিল। এছাড়া গত এক দশকে গেমটির ইন-গেম কেনাকাটা থেকে প্রায় ৮০০ কোটি ডলার আয় করেছে রকস্টার।
বাজার বিশ্লেষকদের ধারণা, জিটিএ সিক্স মুক্তির পর প্রথম কয়েক দিনের বিক্রিতেই এর সম্ভাব্য ২০০ কোটি ডলারের নির্মাণ ব্যয়ের বড় অংশ উঠে আসতে পারে।
আইটি ডেস্ক 




















