নোয়াখালীর চাটখিলে কানাডাপ্রবাসীর স্ত্রী তিন সন্তানকে রেখে স্থানীয় একটি মসজিদের ইমামের সঙ্গে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার দাবিও করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ শুক্রবার (৩ জুলাই) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৭ জুন উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাডাপ্রবাসী স্বামীর অনুপস্থিতিতে নিশাত আক্তার তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। এ সময় চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৭ জুন দুপুরে নিশাত আক্তার তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে ইমাম রিয়াজ হোসেনের সঙ্গে চলে যান। যাওয়ার সময় তিনি ঘর থেকে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা এবং ছয়টি স্বর্ণের আংটি, পাঁচটি চেইন, দুটি ব্রেসলেট ও ১৪ জোড়া কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে দাবি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর ঘর তল্লাশি করে নিশাত আক্তার ও রিয়াজ হোসেনের নামে একটি যৌথ হলফনামা পাওয়া যায়। সেখানে উল্লেখ রয়েছে, তারা গত ৪ মে নতুন কাবিননামার মাধ্যমে বিয়ে করেছেন।
এ ঘটনায় নিশাত আক্তার, মো. রিয়াজ হোসেন এবং ইমামের বাবা-মাসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমাম মো. রিয়াজ হোসেন বা সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অনলাইন ডেস্ক 






















