ভোলার চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় লিয়া বেগম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনার পর সহপাঠীরা তার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করে বিচারের দাবি জানান।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান-শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে এবং চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে লিয়া বেগম মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছালে একটি দ্রুতগতির টমটম (মোটরচালিত যান) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর টমটমটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আহসান হাবীব টিটু জানান, এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নিহত শিক্ষার্থী লিয়া বেগমের মরদেহ কাঁধে নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা “আমার বোন ফিরিয়ে দাও” স্লোগানে বিক্ষোভ মিছিল করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 















