পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রুতগতির একটি ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) রাত ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত খুশি রানী স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কুকিল চন্দ্র তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড় জেলা শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার ফলে খুশি রানী মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। ট্রাক্টরটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শোকে ভেঙে পড়া নিহতের বাবা কুকিল চন্দ্র বলেন, “পঞ্চগড় থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ট্রাক্টরটি আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। চোখের পলকেই আমার মেয়েটি ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে যায়।”
ময়দানদিঘী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পঞ্চগড় প্রতিনিধি 
















