ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিচারাধীন পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা, পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আঃ মজিদ নামের এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর মাঝাটলা গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আঃ মজিদ দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস ও ভোগদখল করে আসছেন। গোগর মৌজার ৯৬ নং জেএলভুক্ত এসএ ১৫১ ও সিএস ১৪০ খতিয়ানের ৪২৬০ ও ৪৩৬৬ নং দাগের মোট ৩৪ শতক জমি নিয়ে ২০২২ সাল থেকে ঠাকুরগাঁও সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে একই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে হামিদুর রহমান ও তার ছেলে সাদেকুল ইসলাম জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালান। এ সময় আঃ মজিদ বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জমি নিয়ে বাড়াবাড়ি করলে মারধর, খুন-জখম, হাত-পা ভেঙে পঙ্গু করা, মিথ্যা মামলায় জড়ানো এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনায় আঃ মজিদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা নুর জাহান ও মুসারুল ইসলাম জানান, সাদেকুল ইসলাম ও আঃ মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে আদালতে মামলা চলছে এবং এখনো কোনো পক্ষ চূড়ান্ত রায় পায়নি। এর মধ্যেই মঙ্গলবার সাদেকুল ইসলাম জমিতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন, যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।
এবিষয়ে অভিযুক্ত সাদেকুল ইসলামের বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোন মন্তব্য করেননি।
অভিযোগের বিষয়ে রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর খোকা মুঠোফোনে জানান,লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে কথা বলতে হলে থানায় আসেন।