বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৬ মামলার আসামি কথিত মাদক সম্রাট মনি শেখ ওরফে মনির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার আরও তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে মনির শেখের পাশাপাশি মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৪০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ৭১ হাজার ৯২০ টাকা নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া মনির শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে। এ ছাড়া তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও কার্যকরের অপেক্ষায় রয়েছে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত সাত দিনে পরিচালিত বিশেষ অভিযানে মোট ৪০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।
তিনি মাদকবিরোধী কার্যক্রম সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং মাদক-সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেন।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 

















