বিশ্বকাপের প্রস্তুতির মধ্যেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ডান পায়ের পেশির চোটে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারাদেস।
চোটের কারণে আসন্ন দুটি প্রীতি ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসি।
বোকা জুনিয়র্সের হয়ে কোপা লিবার্তাদোরেসে ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে ম্যাচের পর থেকেই পারাদেসের শারীরিক সমস্যার বিষয়টি সামনে আসে। ম্যাচ শেষে তিনি নিজেও জানান, বেশ কিছুদিন ধরেই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তিতে ভুগছিলেন।
পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়, তিনি পেশির চোটে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের ধারণা, সুস্থ হতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে।
ফলে নিশ্চিতভাবেই ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না এই অভিজ্ঞ মিডফিল্ডার।
সবচেয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়েও। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
পারাদেস বলেন, পুরো সপ্তাহজুড়েই হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় তিনি মাঠে নেমেছিলেন। কোচ তাকে সতর্ক থাকতে বললেও তিনি খেলাকে অগ্রাধিকার দেন।
তার এই চোট আর্জেন্টিনা দলের বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 
























