ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার অব্যাহতির তথ্য জানানো হয়।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, রেদোয়ান তার ব্যক্তিগত তথ্য গোপন করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ট্রান্সজেন্ডার হওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, সম্প্রতি সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ৫১ সদস্যের ছাত্রদল কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার আগে রেদোয়ান নিজের বায়োডাটায় পুরুষ হিসেবে তথ্য দিয়েছিলেন, পরে জানা যায় তিনি অপারেশনের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়েছেন।
রেদোয়ান ইসলাম এ বিষয়ে একটি ভিডিও বার্তায় বলেন, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক পদটি তাঁকে দেওয়া হয়েছে, কারণ কমিটি এমন একজনকে চেয়েছিল যে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে সক্ষম। তিনি জানিয়েছেন, তার যোগ্যতা বিবেচনা করে পদটি দেওয়া হয়েছে এবং ছেলে বা মেয়ে হওয়া কোনো বাধা নয়। তিনি সবাইকে অনুরোধ করেছেন, বিভ্রান্তিকর লেখালেখি বন্ধ করে তাকে তার কাজ করার সুযোগ দেওয়ার।
রেদোয়ান বলেন, “যার যোগ্যতা আছে, সে কাজ করবে। ছেলে নাকি মেয়ে, সেটা কোনো ব্যাপার নয়। আমাকে আমার মত থাকতে এবং কাজ করতে দিন।”
kalprakash.com/SS
কাল প্রকাশ ডেস্ক 

























