নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদারে ভূমি সেবার জন্য নতুন সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত ‘ভূমিসেবায় সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা’-তে তথ্য সুরক্ষায় একাধিক বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভূমি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সব দপ্তর, কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প, ভেন্ডর ও পরামর্শক প্রতিষ্ঠানকে নির্ধারিত সাইবার নিরাপত্তা নীতিমালা অনুসরণ করতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সব অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) বাধ্যতামূলক থাকবে। অর্থাৎ পাসওয়ার্ডের পাশাপাশি ওটিপির মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। এছাড়া কমপক্ষে ১২ অক্ষরের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে।
তথ্যের সংবেদনশীলতা অনুযায়ী তথ্যকে চারটি শ্রেণিতে ভাগ করা হবে—সাধারণ, অভ্যন্তরীণ ব্যবহার, গোপনীয় এবং অতি সংরক্ষিত। জাতীয় ভূমি ডাটাবেজ ও প্রশাসনিক প্রবেশাধিকারসহ গুরুত্বপূর্ণ তথ্যকে ‘অতি সংরক্ষিত’ হিসেবে রাখা হবে।
এছাড়া তথ্য সংরক্ষণে AES-256 এনক্রিপশন, তথ্য আদান-প্রদানে TLS 1.2 বা এর উচ্চতর সংস্করণ, ফায়ারওয়াল, IDS/IPS, নিয়মিত নিরাপত্তা পরীক্ষা (VAPT) এবং SIEM-এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্যোগ বা সাইবার হামলার সময়ও ভূমি সেবা সচল রাখতে বিজনেস কন্টিনিউটি অ্যান্ড ডিজাস্টার রিকভারি (BCDR) পরিকল্পনা বাস্তবায়নের কথাও উল্লেখ রয়েছে। পাশাপাশি এআই, মেশিন লার্নিং ও আইওটি প্রযুক্তি ব্যবহারের আগে ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই নির্দেশিকা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেস্ক 




















