৫৩ বছর পর নিউইয়র্ক নিকসের এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ার এলাকায় ভয়াবহ বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। উৎসব মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়, গুলির শব্দে ছড়িয়ে পড়ে হুড়োহুড়ি।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৪২তম স্ট্রিট ও ব্রডওয়ে সংলগ্ন এলাকায় অন্তত সাতটি গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়। ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় তাকে পুলিশ গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার পাশাপাশি চারজন ছুরিকাহত হয়েছেন। একটি ভিডিওতে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে লোডেড আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে দেখা যায়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি পুলিশের গাড়িতে হামলা চালায়, জানালার কাচ ভাঙচুর করে এবং অন্তত পাঁচটি স্কুলবাস ও পাঁচটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় বিশ্বকাপ ফুটবল দর্শক পরিবহনের জন্য ব্যবহৃত কয়েকটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনায় অন্তত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য।
১৯৭৩ সালের পর প্রথমবারের মতো নিকসের এনবিএ শিরোপা জয়কে কেন্দ্র করে নিউইয়র্কজুড়ে যে উৎসব শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত বড় ধরনের নিরাপত্তা সংকটে পরিণত হয়। আসন্ন বিজয় শোভাযাত্রাকে ঘিরে এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 
























