ইতালির রাজধানী রোমের কাসালোত্তি এলাকায় মঙ্গলবার রাতে নিহত বাংলাদেশি দম্পতি ও তাদের পাঁচ বছর বয়সী কন্যা অ্যারোয়ার স্মরণে মোমবাতি প্রজ্বালন ও নীরব শোকমিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রাত ৯টায় পিয়াজা ওরমেয়া থেকে শুরু হওয়া এই শোকমিছিলে শত শত ইতালীয় বাসিন্দা, বাংলাদেশি প্রবাসী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ধর্মীয় নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। হাতে মোমবাতি নিয়ে তারা কাসালোত্তির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
শোকমিছিল শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নিহত পরিবারকে স্মরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের একমাত্র জীবিত সদস্য আমিরের সহপাঠীরাও। তারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয় আয়োজকদের মতে, কামাল উদ্দিন, জাহান হোসনে মমতাজ এবং তাদের সন্তান অ্যারোয়া এলাকায় অত্যন্ত শান্তিপ্রিয় ও প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাই তাদের মৃত্যু পুরো কমিউনিটিকে গভীরভাবে নাড়া দিয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেন এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারে ইতালিয়ান পুলিশ অভিযান চালাচ্ছে এবং বিভিন্ন স্থানে তল্লাশি ও তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মোমবাতির আলোয় এই শোকযাত্রা কাসালোত্তি এলাকার মানুষের শোক, সংহতি ও ন্যায়বিচারের দাবির এক হৃদয়স্পর্শী প্রকাশ হয়ে উঠেছে।
অনলাইন ডেস্ক 






















