মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছে ইরান ও ওমান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাসকাটে অনুষ্ঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক্সে জানান, বৈঠকে হরমুজ প্রণালী-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিচালনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী একটি সংকীর্ণ জলপথ। সাম্প্রতিক সংঘাত চলাকালে ইরান এ প্রণালী অবরোধ করেছিল, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করে।
সূত্র জানায়, ইরান এখন হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের ওপর সার্ভিস ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে বলেছে, এটি একটি আন্তর্জাতিক নৌপথ হওয়ায় কোনো ধরনের টোল বা ফি আরোপ করা উচিত নয়।
এদিকে, ওমান জানিয়েছে তারা বর্তমানে কোনো নৌপথ ব্যবহার ফি চালুর পরিকল্পনা করছে না। একই সঙ্গে জাতিসংঘের সমন্বয়ে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর কথাও জানিয়েছে। তবে ইরান দাবি করেছে, তাদের উপকূলঘেঁষা করিডরই একমাত্র অনুমোদিত নৌপথ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, বিকল্প কোনো নৌপথ ব্যবহারের চেষ্টা এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছিল। পরবর্তীতে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা এখনো আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে।
অনলাইন ডেস্ক 






















