ইসরায়েলি হামলার পর দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ৭৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার গাজা সিটির একটি গণকবরে তাঁদের দাফন করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, গাজা সিটির দারাজ এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।
গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, পুরো গাজা উপত্যকায় এখনো প্রায় ৮ হাজার ফিলিস্তিনির লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় অন্তত ৭৪ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে। তবে ধ্বংস হওয়া ভবনের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
গাজার অবকাঠামোর বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। ফলে বহু বাসিন্দা পর্যাপ্ত আশ্রয় ছাড়াই দিন কাটাচ্ছেন। ভূখণ্ডটির সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকায় বহু ফিলিস্তিনি উপকূলীয় এলাকাগুলোর দিকে বাস্তুচ্যুত হয়েছেন।
গত বছর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় আরও হতাহতের ঘটনা ঘটছে। সূত্র: আল জাজিরা
kalprakash.com/IM