বরিশালের দপদপিয়া সেতু এলাকায় ওভারটেক করতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি বাসের পেছনে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় উভয় বাসেরই ক্ষয়ক্ষতি হয়েছে। পরে অভিযুক্ত বাসটি আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসটি নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে দপদপিয়া সেতু এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ওভারটেকের চেষ্টা করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে উভয় বাসের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর সেতু এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুই বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর দায়ী যাত্রীবাহী বাসটি আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও ঘটনার সুষ্ঠু সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আব্দুল্লাহ মুহাম্মদ জিম, বরিশাল সদর প্রতিনিধি 























