জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, কনকচাঁপার সঙ্গে যারা অসৌজন্যমূলক আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি জানান, গত দুই দিনে সংরক্ষিত নারী আসনের জন্য ১ হাজার ৭২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং ৩০০টি জমা পড়েছে।
রিজভী আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মী ও দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি গুলিবিদ্ধ আন্দোলনকারী, সাংগঠনিক অবদান, শিক্ষাগত যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে নারী প্রার্থীদের মূল্যায়ন করা হবে বলেও তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক 

























