শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৩৫:০৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:০৯
শেয়ার: mail
এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। কটাক্ষ করে তিনি বলেন, এখন আর ফতোয়ার জন্য হাটহাজারী, পটিয়া কিংবা লালবাগে যেতে হবে না, সংসদ থেকেই ফতোয়া পাওয়া যাচ্ছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন চট্টগ্রামে মানুষ বলছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, কারণ ফতোয়া দেওয়া হচ্ছে সংসদেই। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলেছেন, জামায়াতে ইসলামী নাকি ইসলামী দল নয়।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে জানতে হলে এর ১০০ বছরের ইতিহাস জানতে হবে। জামায়াত ইসলামী দল কি না, সে বিষয়ে কারও ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই।

কটাক্ষ করে তিনি বলেন, চট্টগ্রামে এখন অনেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে হাল জামানার মুফতি বলছেন। এরপর তিনি মন্তব্য করেন, আমরা আর ফতোয়ার জন্য হাটহাজারী, পটিয়া কিংবা লালবাগে যাব না। সংসদে যিনি জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে মন্তব্য করেন, তাঁর কাছ থেকেই ফতোয়া নেব।

শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, সংসদকে উত্তপ্ত করতে চাই না। তবে একটি প্রশ্ন রয়ে যায়—একাত্তরে আপনারা কোথায় ছিলেন? তিনি মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার ঠিক আগে কারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত করেছিল, সেটি জাতি জানে।

তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের অবশ্যই স্মরণ করতে হবে, তবে একাত্তরের মুক্তিযুদ্ধকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না।

বাজেট আলোচনায় অংশ নিয়ে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দাবি করেন, দেশে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, কেউ কেউ চালের দাম বেড়েছে বলে দাবি করলেও বাজার পরিদর্শনে গিয়ে সরকার মূল্য স্থিতিশীলই পেয়েছে।

তিনি আরও বলেন, অতীতে ব্যাংকিং ব্যবস্থা ও জ্বালানি খাত সংকটে ছিল। সরকার সেগুলো পুনর্গঠনে কাজ করছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে। বর্তমানে দেশে আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর মতো ফলেরও চাষ হচ্ছে, যা অর্থনীতির ইতিবাচক দিক নির্দেশ করে।

সুশাসনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের সব নিয়োগ ও পদায়নে সততা, দক্ষতা ও মেধাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গত ১৭ বছরে প্রশাসনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে উত্তরণে সরকার কাজ করছে। বাজেটের প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।

অন্যদিকে নোয়াখালী-৪ আসনের বিএনপি সংসদ সদস্য মো. শাহজাহান কর ফাঁকির প্রবণতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের তুলনায় বড় বড় করপোরেট প্রতিষ্ঠান অনেক সময় সঠিক আয়-ব্যয়ের হিসাব দেয় না। ফলে তাদের কাছ থেকে প্রাপ্য কর আদায় সম্ভব হয় না।

তিনি অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দেন। একই সঙ্গে প্রতি তিন বা ছয় মাস অন্তর সংসদে রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা বা ব্রিফিংয়ের ব্যবস্থা করার আহ্বান জানান। তাঁর মতে, এতে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

মো. শাহজাহান বলেন, অতীতে উন্নয়নের নামে দুর্নীতির সংস্কৃতি গড়ে উঠেছিল। বিপুল অর্থ ব্যয় হলেও তার সমপরিমাণ অবকাঠামোগত সুফল দেশ পায়নি। ফলে নানা ক্ষেত্রে দেশের ক্ষতি হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

বিস্তারিত কমেন্টে