পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক আলম সরদার রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর ছলিমপুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় র্যাব। অভিযানে ঘটনাস্থল থেকে আলম সরদারকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে একটি দেশীয় শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম সরদার অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে পূর্বেও একাধিক অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আটক আলম সরদারকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
kalprakash.com/IM