অভিনেতা ও কবি রিফাত চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে।
অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন আলোচিত নায়ক জায়েদ খান। তবে সহায়তার টাকা অসুস্থ রিফাতের হাতে পৌঁছায়নি বলে অভিযোগ ওঠে।
আর্থিক সহায়তার খবর প্রচারের পর জায়েদকে নিয়ে গণমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন রিফাত। তিনি গণমাধ্যমকে জানান, জায়েদের পাঠানো টাকা তাঁর হাতে পৌঁছায়নি। এমনকি তাঁকে অসৎ, প্রতারক ও বাজে লোক বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রিফাত আরও দাবি করেন, জায়েদ যেসব খবর ছড়াচ্ছেন তা সত্য নয়।
রিফাতের এই মন্তব্য নজর এড়ায়নি জায়েদের। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, যাঁর মাধ্যমে সহায়তা পাঠিয়েছিলেন তিনি সময়মতো টাকাটা পৌঁছাতে পারেননি। পরে জায়েদের পাঠানো টাকা নিয়ে হাসপাতালে গেলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান রিফাত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সহায়তার টাকা নেননি।
পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না তিনি। গত ১৪ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। শুরুতে ফ্লোরেই দিন কাটছিল তাঁর। অভিনেতার দুরবস্থা সংবাদমাধ্যমে উঠে এলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।
উল্লেখ্য, দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে।
অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও রিফাত চৌধুরীর রয়েছে দীর্ঘ পথচলা। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে তাঁর কবিতার জগতে প্রবেশ ঘটে। এ পর্যন্ত তাঁর ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
kalprakash.com/IM