প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ তথ্য জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, লন্ডন, আমেরিকা, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তাঁর মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ সরকার বহনের পরিকল্পনা করছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য কর্মীকে যোগ্য দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।
এ সময় প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়ার বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।
সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী সেখানকার পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন তিনি।
kalprakash.com/sd