অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।
‘নসীব’ সিনেমার নির্মাতা এমডি ইকবাল দ্য ডেইলি স্টারকে সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমডি ইকবাল জানান, গত ১৮ নভেম্বর তার পরিচালিত ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় আসেন সোহেল খান। এ সময় তিনি সহকর্মীদের সঙ্গে শহরের টি মম-ইন হোটেলে অবস্থান করছিলেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাশতা করেন সোহেল খান। এরপর সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা করেন। কিছুক্ষণ পর হোটেলের কক্ষে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি।
পরে তাকে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এমডি ইকবাল আরও জানান, সোহেল খানের মরদেহ এখনো হাসপাতালেই রয়েছে।