লাল বেনারসি শাড়ি, কপালে লাল টিপ, চোখে কাজল আর পরিপাটি করে বাঁধা চুল। সাজে নেই অতিরিক্ত চাকচিক্য কিংবা ভারী মেকআপের বাহুল্য। বরং আশির দশকের বাঙালি বধূর স্নিগ্ধতা ও আভিজাত্য ফুটে উঠেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাজে। যেন পুরোনো দিনের কোনো ছবির ফ্রেম থেকে উঠে আসা এক পুতুল বউ!
সম্প্রতি এমনই এক ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন মেহজাবীন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাজের ছবি ও ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘পুতুল বউ’। অভিনেত্রীর এই বিশেষ সাজ তৈরি করেছেন ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান লুসেরো বাই ইশরাতের ইশরাতুল শোভা।
এ প্রসঙ্গে ইশরাতুল শোভা বলেন, বর্তমান ব্রাইডাল ফ্যাশনে বিভিন্ন দেশের নানা ধরনের সাজ ও মেকআপের প্রবণতা অনুসরণ করা হয়। এতে হারিয়ে যেতে বসেছে আশি ও নব্বইয়ের দশকের বাঙালি কনের ঐতিহ্যবাহী সাজ। নতুন প্রজন্মের সঙ্গে সেই ঐতিহ্যবাহী বধূবেশের পরিচয় করিয়ে দিতেই এই ফটোশুটের আয়োজন করা হয়েছে।
আশির দশকের বাঙালি কনের সাজ ফুটিয়ে তুলতে বেছে নেওয়া হয় পুরোনো দিনের একটি জমিদারবাড়ির আদলে লোকেশন। পুরো ফটোশুটের পরিকল্পনাও করেছেন ইশরাতুল শোভা। লাল বেনারসি শাড়ির সঙ্গে হালকা বেজ মেকআপ, চোখে কাজল ও ঘন মাসকারার ব্যবহার মেহজাবীনের সাজে এনেছে স্নিগ্ধতা ও স্বাভাবিক সৌন্দর্য।
শাড়ির সঙ্গে মেহজাবীনের ব্লাউজের নকশাও ছিল বিশেষ আকর্ষণ। ব্লাউজটি নিজেই ডিজাইন করেছেন ইশরাত। টেনে বাঁধা চুলে ব্যবহার করা হয়েছে পিতলের গয়না। সব মিলিয়ে সাজে ফুটে উঠেছে পুরোনো দিনের বিয়ের আমেজ, যার উপস্থাপনায় রয়েছে আধুনিক রুচির ছোঁয়া।
এই সাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল চুলের স্টাইল। মেহজাবীনের চুল সাজিয়েছেন আনোয়ারা সেতু। অন্যদিকে, পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান অশিন-OSHIN-এর লাল বেনারসি শাড়িতে অভিনেত্রীর ঐতিহ্যবাহী কনের রূপ পেয়েছে পূর্ণতা।
পুরোনো দিনের বাঙালি বধূর সাজকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এই প্রয়াস সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি করেছে আগ্রহ। সব মিলিয়ে মেহজাবীনের ‘পুতুল বউ’ লুক যেন ঐতিহ্য আর আধুনিকতার এক নান্দনিক মেলবন্ধন।