ভারতের মধ্যপ্রদেশ ও আসামে ধারাবাহিক উচ্ছেদ অভিযান ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মধ্যপ্রদেশে প্রায় ৩০০ বছরের পুরোনো একটি দরগাহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে আসামে কয়েক দিনের ব্যবধানে শতাধিক মুসলিম পরিবারের বসতবাড়ি ও একটি মসজিদ উচ্ছেদ করেছে প্রশাসন।
সরকারি জমি দখলমুক্ত করা ও সড়ক সম্প্রসারণের যুক্তিতে এসব অভিযান পরিচালনা করা হলেও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, উচ্ছেদের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা হয়েছে। পাশাপাশি উচ্ছেদের আইনি প্রক্রিয়া, প্রশাসনের স্বচ্ছতা ও পুনর্বাসন নিয়েও প্রশ্ন উঠেছে।
মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার মানসিং অয়েল মিল ক্রসিং এলাকায় অবস্থিত হজরত কাসিম শাহ ওয়ালির প্রায় ৩০০ বছরের পুরোনো দরগাহটি ভেঙে ফেলার ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
দ্য সিয়াসাত ডেইলি ও ক্লারিয়ন ইন্ডিয়ার ১৮ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ১৭ নভেম্বর সড়ক সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে দরগাহটি অপসারণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।
প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা বাধা দেন। এ সময় সিটি কাজি সৈয়দ নিসার আলী সিটি ম্যাজিস্ট্রেট বজরং বাহাদুর শাহের কাছে দরগাহ উচ্ছেদের লিখিত আদেশ এবং প্রস্তাবিত সড়কের নকশা দেখতে চান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক সম্প্রসারণের জন্য দরগাহর দেয়ালের একটি অংশ সরানো প্রয়োজন। তবে স্থানীয়দের প্রশ্ন ছিল, প্রয়োজনীয় নথি ও নকশা না দেখিয়ে কেন ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে?
স্থানীয়দের বাধার মুখে দিনের বেলায় অভিযান স্থগিত করা হলেও ক্লারিয়ন ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পরে বাসিন্দারা এলাকা ছেড়ে গেলে প্রশাসন আবার বুলডোজার নিয়ে ফিরে আসে। বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে দরগাহ ও এর সংলগ্ন দেয়াল ভেঙে ফেলা হয়।
দ্য সিয়াসাত ডেইলির তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর রাত থেকে ১৮ নভেম্বরের মধ্যবর্তী সময়ে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উচ্ছেদের প্রয়োজনীয়তা, লিখিত নির্দেশনা এবং রাতের বেলায় অভিযান পরিচালনার বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্লারিয়ন ইন্ডিয়া।
আসামে ৪২ মুসলিম পরিবারের বাড়িঘর উচ্ছেদ
মধ্যপ্রদেশের ঘটনার পাশাপাশি আসামেও বুলডোজার অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যটির লখিমপুর জেলার বরবিল গ্রামে ১৭ নভেম্বর সরকারি জমি দখলমুক্ত করার নামে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিভুক্ত আদিবাসী বলয়ের প্রায় ১৭ বিঘা জমি দখলমুক্ত করার কথা জানিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ক্লারিয়ন ইন্ডিয়ার ১৮ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ৪২টি মুসলিম পরিবারের বাড়িঘর উচ্ছেদের আওতায় আসে। বুলডোজার ও খননযন্ত্র দিয়ে স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।
লখিমপুরের পুলিশ সুপার গুনেন্দ্র ডেকার ভাষ্য অনুযায়ী, ৪২টি পরিবারের মধ্যে চারটি পরিবার আদালতের স্থগিতাদেশ পেয়েছিল। বাকি ৩৮টি পরিবারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসক প্রণবজিৎ কাকোটি দাবি করেন, পরিবারগুলোকে জমি ছেড়ে দেওয়ার জন্য প্রায় ৪৫ দিন সময় দেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য, অধিকাংশ পরিবার আগেই নিজেদের মালামাল সরিয়ে বাড়িঘর ভেঙে ফেলেছিল।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, কয়েক প্রজন্ম ধরে তাঁরা ওই এলাকায় বসবাস করছেন। অতীতে সরকারি কর্মকর্তারা তাঁদের জমি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এমনকি অনেকের কাছ থেকে জমির রাজস্বও আদায় করা হয়েছে। দীর্ঘদিন বসবাসের পর তাঁদের অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ
বরবিলের উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি মুসলিম পরিবার বৈষম্যের অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, একই এলাকায় সরকারি জমিতে বসবাসকারী হিন্দু পরিবারগুলোর বাড়িঘর অক্ষত রাখা হলেও মুসলিম পরিবারগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
একজন ক্ষতিগ্রস্ত বাসিন্দার দাবি, তাঁদের বাড়ি ভেঙে দেওয়া হলেও একই জমিতে বসবাসকারী হিন্দু পরিবারগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পরিবারগুলোর দাবি, বাড়িঘর নির্মাণে তাঁরা লাখ লাখ রুপি ব্যয় করেছেন। একজন বাসিন্দা তাঁর বাড়ির মূল্য ২৫ থেকে ৩০ লাখ রুপি বলে উল্লেখ করেছেন।
উচ্ছেদের পর কেউ অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ পরিবারের সদস্য ও গবাদিপশু নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে এবং প্রমাণ ছাড়াই অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তাঁদের বক্তব্য, নাগরিকত্ব নিয়ে কোনো সংশয় থাকলে যথাযথ কাগজপত্র যাচাই করা উচিত।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি বিকল্প বাসস্থানের ব্যবস্থার দাবিও জানিয়েছেন তাঁরা।
চার দিনের ব্যবধানে ১৩২ পরিবার ও একটি মসজিদ উচ্ছেদ
লখিমপুরে ৪২ পরিবারের উচ্ছেদের মাত্র চার দিন আগে, ১৩ নভেম্বর বগীনাদি এলাকার প্রফেশনাল গ্রেজিং রিজার্ভ বা পশুচারণের জন্য সংরক্ষিত জমিতেও বড় ধরনের অভিযান চালায় প্রশাসন।
ক্লারিয়ন ইন্ডিয়ার ১৪ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযানে ১৩২টি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর এবং একটি মসজিদ ভেঙে দেওয়া হয়। এতে প্রায় ৭০৪ জন মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, ১৯৮৩ সালের আসাম আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় বাস্তুচ্যুত হওয়ার পর সরকার তাঁদের ওই এলাকায় বসবাসের জন্য জমি দিয়েছিল। চার দশকের বেশি সময় ধরে সেখানে বসবাস ও বাড়িঘর নির্মাণের পর আবারও উচ্ছেদের মুখে পড়েছেন তাঁরা।
বগীনাদির বাসিন্দারাও অভিযোগ করেছেন, মুসলিম পরিবারগুলোর বাড়িঘর ভেঙে দেওয়া হলেও আশপাশের হিন্দু পরিবারগুলোর স্থাপনা অক্ষত রাখা হয়েছে।
বাড়িঘর হারিয়ে কয়েকটি পরিবার নদীর তীরে অস্থায়ী আশ্রয় নিয়েছে। তবে সেখান থেকেও পুলিশ তাঁদের সরে যেতে বলছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।
অন্যদিকে প্রশাসনের বক্তব্য, সংরক্ষিত সরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করতেই এ অভিযান চালানো হয়েছে। বগীনাদির উচ্ছেদ নিয়ে দ্য ইন্ডিপেনডেন্টও প্রতিবেদন প্রকাশ করেছে।
আইনি প্রক্রিয়া ও পুনর্বাসন নিয়ে প্রশ্ন
মধ্যপ্রদেশ ও আসামের ঘটনাগুলো ভিন্ন প্রেক্ষাপটে ঘটলেও উভয় ক্ষেত্রেই উচ্ছেদ কার্যক্রমের স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
খান্ডোয়ায় প্রায় ৩০০ বছরের পুরোনো দরগাহ ভাঙার আগে লিখিত আদেশ ও সড়কের নকশা দেখানোর দাবি উঠেছিল। অন্যদিকে আসামে কয়েক দশক ধরে বসবাসকারী পরিবারগুলো জমির মালিকানা, সরকারি আশ্বাস এবং উচ্ছেদের পর পুনর্বাসন নিয়ে প্রশ্ন তুলেছে।
বিশেষ করে আসামের বগীনাদি ও বরবিলে কয়েক দিনের ব্যবধানে বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
সরকারি জমি দখলমুক্ত করা কিংবা সড়ক সম্প্রসারণের মতো উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অধিকার প্রশাসনের রয়েছে। তবে এসব ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, স্বচ্ছতা, বৈষম্যহীন আচরণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এখন এসব উচ্ছেদ অভিযান নিয়ে প্রশাসনের বিস্তারিত ব্যাখ্যা, আইনি অবস্থান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা হবে কি না, সেদিকেই নজর রয়েছে।