যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বেজপাড়ার বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।
পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, শুক্রবার সকালে বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে কোদালের কোপ মাটির নিচে থাকা একটি বোমায় লাগলে বিস্ফোরণ ঘটে। এতে দুই শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় তদন্ত চলছে।