যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা ফৌজদারি জালিয়াতি মামলার নিষ্পত্তিতে জরিমানা দিতে সম্মত হয়েছেন ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং তাঁর ভাতিজা সাগর আদানি।
প্রতিবেদন অনুযায়ী, মামলাটি নিষ্পত্তির অংশ হিসেবে তারা ১৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন। তবে সমঝোতা চুক্তিতে কোনো পক্ষই অভিযোগ স্বীকার বা অস্বীকার করেনি।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা অভিযোগ তোলে, ভারতের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কাজ পেতে আদানি গ্রুপ ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছে। পাশাপাশি বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের সময় মার্কিন বিনিয়োগকারীদের কাছে দুর্নীতিবিরোধী নীতিমালা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ আনা হয়।
চুক্তির শর্ত অনুযায়ী, ভবিষ্যতে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা, শেয়ারবাজারে কারসাজি বা আর্থিক অনিয়মের মতো কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আদানি গ্রিন এনার্জি দুর্নীতিবিরোধী নীতি মেনে চলার দাবি করে প্রায় ৭৫ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ এসেছে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গৌতম আদানির বিরুদ্ধে থাকা ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। এই খবরে ভারতীয় শেয়ারবাজারে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে দেখা গেছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, গৌতম আদানি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের একজন, যার সম্পদের পরিমাণ প্রায় ৮২ বিলিয়ন ডলার।
kalprakash.com/SS
রবিবার, ১৭ মে ২০২৬
মার্কিন জালিয়াতি মামলায় ১৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি গৌতম আদানি