পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘মাটিরাঙ্গা হেলথ কেয়ার’ নামে একটি অত্যাধুনিক রোগনির্ণয় (ডায়াগনস্টিক) কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৮ জুন) দুপুরে মাটিরাঙ্গা বাজারস্থ চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় দোয়া ও মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, “স্বল্পমূল্যে নির্ভুল রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। মাটিরাঙ্গা হেলথ কেয়ার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র উপার্জন নয়। স্বল্পমূল্যে উন্নত চিকিৎসাসেবা প্রদান করতে আমরা এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। উন্নত মানের সম্পূর্ণ নতুন যন্ত্রপাতির মাধ্যমে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আমরা চাই, টাকার অভাবে কারও চিকিৎসা যেন বন্ধ না হয় এবং মানুষের আস্থা অর্জন করতে পারি।”
অনুষ্ঠানে মাটিরাঙ্গা হেলথ কেয়ারের পরিচালক আব্দুর রহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফজর আলী, পরিচালক (মানবসম্পদ) আরিফুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্যসচিব ফোরকান ইমামী, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ।
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি 















