দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্রফুল্ল কার্বারী পাড়া, কাতালমনি পাড়া ও মরাটিলায় ব্যাপক মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্থানীয় জনগণের কল্যাণে আয়োজিত এ কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।
কর্মসূচির অংশ হিসেবে সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক চিকিৎসা বঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান জানান, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা মাটিরাঙ্গা জোনের সপ্তাহব্যাপী এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর অবদানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি 
















