হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে থাকা দুই ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনাটি সোমবার ঘটলেও মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে। উদ্ধার হওয়া দুই ক্রুর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।
নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি অ্যাপাচি মডেলের। এটি গুলিতে ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে—তা এখনো স্পষ্ট নয়।
ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বা সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড (সেন্ট্রাল কমান্ড) এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে রোববার রাত থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়, যেখানে দুই পক্ষ একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল।
সূত্র অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের মধ্যে এ প্রথম কোনো মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলো। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।
আন্তর্জাতিক ডেস্ক 






















