দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক আমাল খলিলকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ কয়েক ঘণ্টা ধরে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট।
সোমবার (৮ জুন) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, ২২ এপ্রিল সীমান্তবর্তী আল-তিরি গ্রামে সংঘটিত একাধিক হামলার পর আমাল খলিল ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। প্রাথমিক হামলা থেকে তিনি জীবিত থাকলেও দীর্ঘ সময় উদ্ধার না পাওয়ায় শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটন পোস্টের পুনর্গঠিত ঘটনাপ্রবাহ অনুযায়ী, লেবাননের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে প্রবেশের জন্য অনুমতির অপেক্ষায় ছিলেন। তবে বারবার চেষ্টা সত্ত্বেও তারা দ্রুত সেখানে পৌঁছাতে পারেননি। ফলে খলিলকে জীবিত অবস্থায় সরিয়ে নেওয়ার সুযোগ হারিয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, পত্রিকাটি যে চিকিৎসা নথি পর্যালোচনা করেছে, তাতে দেখা যায় খলিল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মারা যান। অথচ জরুরি উদ্ধারকর্মীদের পুনরায় ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয় তার মৃত্যুর দুই ঘণ্টারও বেশি সময় পরে।
তদন্তে চিকিৎসা নথি, ফোন রেকর্ড, স্যাটেলাইট চিত্র এবং প্রত্যক্ষদর্শী, জীবিত ব্যক্তি ও উদ্ধারকর্মীদের সাক্ষাৎকার বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, উদ্ধার কার্যক্রমে দীর্ঘ বিলম্বের কারণে খলিল জরুরি চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত হন এবং সেটিই তার মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আল-মায়েদিন
আন্তর্জাতিক ডেস্ক 




















