জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা, উপস্থাপনা ও পাবলিক স্পিকিং বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এমসিজে ডিবেটিং ক্লাবের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফা এবং স্টার নিউজের চিফ রিপোর্টার মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম। এরপর অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন মনিরুল ইসলাম। তিনি অনুসন্ধানী প্রতিবেদনের কৌশল, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।
পরবর্তীতে আখলাকুস সাফা রিপোর্টিংয়ের বিভিন্ন দিক, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সংবাদ উপস্থাপনের কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি পেশাদার সাংবাদিকতায় দক্ষতা অর্জনের বিভিন্ন দিকও তুলে ধরেন।
সেমিনারের এক পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা অতিথিদের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং বাস্তব অভিজ্ঞতাভিত্তিক পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম। এছাড়া এমসিজে ডিবেটিং ক্লাবের বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।
গণমাধ্যমে উপস্থাপনা, সংবাদ পরিবেশন ও কার্যকর পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
নুশরাত জাহান মীম, জবি প্রতিনিধি 




















