নরসিংদীর মনোহরদী উপজেলায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের নগদ ১০ লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার কাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে কাচিকাটা গ্রামের আব্দুল খালেকের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবারের দাবি, আব্দুল খালেকের পোল্ট্রি ফিড ব্যবসায়ী এক ছেলে এবং সদ্য বিদেশফেরত অপর দুই ছেলের পরিবারের মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত সম্পদের মধ্যে নগদ ১০ লাখ টাকাও ছিল বলে দাবি করেছেন তারা।
খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মনোহরদী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে নিশ্চিত করা হবে।
সাইফুর রহমান নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 






















