২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এরপর থেকেই তার অবসর এবং পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ফুটবল বিশ্বে চলছিল নানা আলোচনা।
২০২৬ বিশ্বকাপ শুরুর আগে মেসি জানিয়েছিলেন, তিনি ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। ক্লাব মৌসুম শেষ হওয়ার পর নিজের শারীরিক অবস্থা, ফিটনেস এবং পারফরম্যান্স মূল্যায়ন করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছেন মেসি। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাঁচ গোল করেছেন তিনি। পাশাপাশি গড়েছেন একাধিক নতুন রেকর্ড।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে মেসি বলেন, “যতদিন আমি দলের জন্য অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো থাকব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, ততদিন পর্যন্ত খেলা চালিয়ে যাব।”
তবে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন আর্জেন্টাইন মহাতারকা। এ বিষয়ে তিনি বলেন, “আমি জানি না। এখনই এটা নিয়ে ভাবছি না। এখনও অনেক সময় বাকি। আমি দিন ধরে এগোচ্ছি এবং বর্তমানের দিকেই মনোযোগ দিচ্ছি।”
মেসির এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি আপাতত ভবিষ্যতের হিসাব না কষে বর্তমানের পারফরম্যান্স ও ফিটনেসের ওপরই গুরুত্ব দিচ্ছেন। ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না, সে সিদ্ধান্ত সময়ই বলে দেবে।
স্পোর্টস ডেস্ক 























