নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ তুলে তাঁর বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এছাড়া তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শিক্ষার্থীদের মানসিকভাবে হেনস্তা করেন বলেও অভিযোগ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ভীতির সৃষ্টি হচ্ছে এবং তাদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তারা।
বক্তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত শিক্ষিকাকে অন্যত্র বদলির দাবি জানান।
এ বিষয়ে সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ জানান, সংশ্লিষ্ট সহকারী শিক্ষিকার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি 

















