জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মসূচির আয়োজন করে।
সোমবার (২২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জানার যেমন কোনো শেষ নেই, তেমনি শেখারও কোনো বয়স নেই। শিক্ষকরা নতুন নতুন জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেন। প্রকৃতপক্ষে প্রত্যেক শিক্ষকই একেকজন রিসোর্স পার্সন। তবে জানার মধ্যেও যদি সামান্য শূন্যতা বা ত্রুটি থাকে, তা রিসোর্স পার্সনের আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব। তাদের সঙ্গে জ্ঞান বিনিময়ের মাধ্যমে নতুন নতুন বিষয় শেখা যায়। আশা করি, এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্জিত জ্ঞান আপনাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “পূর্বের বিদ্যমান তথ্য দিয়েই গবেষণাপত্র লিখলে হবে না, নতুন তথ্য ও বিশ্লেষণ সংযুক্ত করতে হবে। তবে কোনোভাবেই অন্যের তথ্য নিজের বলে উপস্থাপন করা যাবে না। গবেষণায় মৌলিকত্ব নিশ্চিত করতে হবে।”
এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন উপাচার্য।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. এ. আর. এম. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।
এ সময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ কলা অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাককানইবি প্রতিনিধি 





















