খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় এক বাঙালি শ্রমিককে গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ।
তিনি বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে জাহাঙ্গীর আলমকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন এবং হরতালের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদ, নির্যাতিত মোটর শ্রমিক খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছোটন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম হেলালসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় বাঙালি শ্রমিক জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে তার ডান পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি 






















