নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার-নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। তাঁর স্বজনদের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে।
নিহতের ভাই মিজানুর রহমান বলেন, “গতকাল সন্ধ্যায় আমার বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। এশার নামাজের পর তাঁর বাড়ি ফেরার কথা ছিল। সে অনুযায়ী আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে যায়। পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি।”
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবর পেয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নওগাঁ প্রতিনিধি 






















