বিভিন্ন সময় সিনেমা নিয়ে দর্শকের সমালোচনার জবাবে নির্মাতাদের একটি সাধারণ মন্তব্য থাকে—‘এই সিনেমা সব দর্শকের জন্য না’। এই বক্তব্যেরই সমালোচনা করেছেন ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, পৃথিবীর কোনো সিনেমাই আসলে সব দর্শকের জন্য নয়। তবে কোনো চলচ্চিত্র যদি নির্দিষ্ট দর্শকের জন্যই তৈরি করা হয়, তাহলে তা মুক্তির আগেই স্পষ্টভাবে জানানো উচিত, যাতে সাধারণ দর্শকের সময় ও অর্থ নষ্ট না হয়।
হিমেল আশরাফ আরও বলেন, শুধু পরীক্ষামূলক কাজের নামে প্রযোজকদের বিপুল অর্থ বিনিয়োগ ঝুঁকির মুখে ফেলা উচিত নয়। তার মতে, এমন ক্ষেত্রে নির্মাতারা চাইলে নিজের টাকায় সিনেমা বানাতে পারেন, কিন্তু প্রযোজকের কোটি কোটি টাকা ঝুঁকিতে ফেলা ঠিক নয়।
তিনি দর্শকের রুচি নিয়ে প্রশ্ন তোলার প্রবণতার বিরুদ্ধেও অবস্থান নেন। তার ভাষায়, এই দেশের দর্শকের গ্রহণক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়, কারণ এখানে ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’-এর মতো বাণিজ্যিক সফল সিনেমার পাশাপাশি ‘মনপুরা’, ‘হাওয়া’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো ভিন্নধারার সিনেমাও সফল হয়েছে।
সবশেষে তিনি লেখেন, কোনো সিনেমা যদি তার নির্মাণ ব্যয়ও তুলতে না পারে, তাহলে সেটি আসলে কোন দর্শকের জন্য বানানো হয়েছে—সেটা নির্মাতাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 






















