বিশ্বশান্তি রক্ষায় অসামান্য অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ৬ বাংলাদেশি বীর সেনানীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করবে জাতিসংঘ।
আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেবেন জাতিসংঘের মহাসচিব আন্তনিয়ো গুতেরেস।
চলতি বছর বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে আত্মোৎসর্গকারী ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ দেওয়া হবে। তাদের মধ্যে ৫৯ জন গত বছর বিভিন্ন দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৬ জন শান্তিরক্ষী।
সম্মাননা প্রাপ্ত বাংলাদেশি বীর সেনানীরা হলেন— প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল।
তারা সবাই ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আব্বেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় একটি ড্রোন হামলায় নিহত হন।
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অবদানকে আরও একবার স্মরণ করিয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 






















