সম্প্রতি যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হওয়া গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু জামিনে মুক্তি পাওয়ার পর মামলাটি নতুন মোড় নিয়েছে। একই ঘটনায় মডেল ও ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরার বিরুদ্ধে এবার নাট্যনির্মাতা মহিন চৌধুরীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।
অরা সম্প্রতি গায়ক অন্তুর বিরুদ্ধে গিটার শেখার সময় যৌন হয়রানির অভিযোগ এনে আলোচনায় আসেন। তিনি দাবি করেন, এক ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে দরজা বন্ধ করে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দেন জাহিদ অন্তু। তিনি উল্টো অরার বিরুদ্ধে টাকার বিনিময়ে আপসের প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন।
এদিকে নির্মাতা মহিন চৌধুরী সময় সংবাদকে বলেন, অরার সঙ্গে তার পূর্বপরিচয় ছিল এবং বিভিন্ন সময়ে তিনি তার কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছিলেন। মহিনের দাবি, বড় অঙ্কের টাকা দিতে না পারায় অরা তাকে যৌন নিপীড়নের মামলায় ফাঁসানোর হুমকি দেন। পরবর্তীতে অন্তুর ঘটনা সামনে আসার পর বিষয়টি আরও স্পষ্ট হয় বলে তিনি দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অরা বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, মহিন চৌধুরীর সঙ্গে তার কাজের সম্পর্ক ছিল এবং কক্সবাজারে একটি শুটিংয়ের পারিশ্রমিক নিয়েও সমস্যা ছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই তাকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি এ ঘটনায় তদন্তের দাবি জানান।
মহিন চৌধুরী ও অরার পাল্টাপাল্টি অভিযোগের ফলে পুরো ঘটনাটি এখন জটিল রূপ নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে আইনি প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে।
বিনোদন ডেস্ক 























