রাজধানীর তেজগাঁও কলেজে এনটিআরসিএ-র (NTRCA) অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্রদল নেতা ও রোভার স্কাউটসের সদস্যরা।
শনিবার (১৮ এপ্রিল) পরীক্ষা চলাকালীন সাত তলা ভবনের লিফট নষ্ট থাকায় একজন অসুস্থ ও বৃদ্ধ পরীক্ষার্থীকে কোলে তুলে পরীক্ষাকক্ষে পৌঁছে দেন তাঁরা।
জানা যায়, গতকাল তেজগাঁও কলেজে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেওয়া অনেক পরীক্ষার্থীই ছিলেন বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ। কলেজের ৭ নম্বর ভবনের লিফটটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকায় সিঁড়ি বেয়ে উপরে ওঠা তাঁদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে একজন বৃদ্ধ ও অসুস্থ পরীক্ষার্থী সিঁড়ি বেয়ে উঠতে না পেরে নিরুপায় হয়ে পড়েন। বিষয়টি নজরে আসা মাত্রই তেজগাঁও কলেজ রোভার স্কাউটের এসআরএম রাফসান হক কল্লোল ও অন্যান্য সদস্যরা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। তাঁরা তাঁকে কোলে তুলে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ঠিক সেই মুহূর্তে মানবিক এই কাজে যোগ দেন তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল মাহমুদ। তিনি রোভার সদস্যদের সাথে মিলে ওই পরীক্ষার্থীকে সযত্নে সাত তলায় তাঁর নির্ধারিত আসন পর্যন্ত পৌঁছে দেন। তাঁদের এই যৌথ প্রচেষ্টায় ওই পরীক্ষার্থী সঠিক সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হন।
রাফসান হক কল্লোল তাঁর পোস্টে উল্লেখ করেন, “আমরা সচরাচর ছাত্রসংগঠনগুলোকে নেতিবাচকভাবে বিচার করি, কিন্তু তাদের মধ্যেও এমন মানুষ আছেন যারা প্রকৃত অর্থে পরোপকারী। হাফিজ ভাইয়ের মতো উদার মানসিকতা প্রতিটি ছাত্র নেতার মধ্যে থাকলে ছাত্ররাজনীতি নিয়ে মানুষের নেতিবাচক ধারণা থাকতো না।”
তিনি আরও জানান, সময় পরিবর্তন হয়েছে এবং মানুষ এখন উগ্রতার চেয়ে উদারতাকেই বেশি পছন্দ করে। ছাত্র সংগঠনগুলোর উচিত এই ধরনের জনবান্ধব ও মানবিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করা।
ছবিগুলো কোনো প্রচারের উদ্দেশ্যে নয়, বরং রোভার স্কাউটসের সদস্যরা তাঁদের জাতীয় সেবা পুরস্কারের তথ্য সংগ্রহের জন্য তুলেছিলেন বলে পোস্টে উল্লেখ করা হয়।
উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য পরীক্ষার্থীরা এই মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁরা মন্তব্য করেন, দলীয় বা সাংগঠনিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোর এমন দৃষ্টান্ত বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয়।
জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি 























