দেশের উদ্ভাবন, গবেষণা ও মেধাস্বত্ব কার্যক্রমকে আরও গতিশীল করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) প্রতিষ্ঠার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অধিদপ্তরের পরিচালক ড. অশোক কুমার রায়, উপ-পরিচালক মো. হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খানসহ উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সমন্বয়ের মাধ্যমে বাস্তবমুখী ও বাণিজ্যিকভাবে কার্যকর প্যাটেন্ট উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্যাটেন্টের গুরুত্ব তুলে ধরে শিল্পমুখী উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানানো হয়। উপ-পরিচালকের উপস্থাপনায় প্যাটেন্ট ফাইলিং প্রক্রিয়া এবং টিআইএসসি প্রতিষ্ঠার মাধ্যমে প্রাপ্ত সুবিধাসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় বাস্তবমুখী গবেষণাকে অগ্রাধিকার দেয়। একটি প্যাটেন্ট অর্জনকে তিনি একাধিক গবেষণাকর্ম সম্পাদনের সমতুল্য বলে উল্লেখ করেন এবং গবেষণা ও প্যাটেন্ট কার্যক্রমে উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রণোদনার কথা তুলে ধরেন।
সমঝোতা স্মারকে ডিপিডিটির পক্ষে মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির স্বাক্ষর করেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে টিআইএসসি স্থাপন করা হবে, যা শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের প্যাটেন্ট অনুসন্ধান, আবেদন প্রক্রিয়া এবং মেধাস্বত্ব সংরক্ষণে সহায়তা প্রদান করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাকে আরও উৎসাহিত করবে এবং নতুন ধারণাকে বাস্তবে রূপ দিতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি এটি দেশের উদ্ভাবন ও গবেষণা খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক 























