যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। সফরে খাল খনন কর্মসূচি উদ্বোধন, যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
























