যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়।
প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের মোট ১০টি বিতার্কিক দল অংশগ্রহণ করে। বিভিন্ন রাউন্ড শেষে ফাইনালে উঠে আসে নওয়াব ফয়জুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: মুহসিন জামিল জানান, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছে। আজ আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়েছে। বৃহৎ এই কর্মযজ্ঞে সামনে ৩২টি বিশ্ববিদ্যালয়ের সেরা ৯৬ জন বিতার্কিক এবং দেশের বিভিন্ন সময়ের ৫০ জনেরও অধিক তারকা বিতার্কিক জাজ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসবেন। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।
সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন জানান, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রথম জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন হয়েছে। আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের ট্যাব ও সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এই উৎসবের পর্দা উঠেছে। কুমিল্লা অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজ এই প্রতিযোগিতায় অংশ নেয়। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। উৎসবের বাকি অংশও যাতে সফলভাবে সম্পন্ন হয়, সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, ১৭ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং ১৮ এপ্রিল ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাবলু দেব, কুবি প্রতিনিধি 























