জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ছাড়া বাকি দিনগুলোতে অফিস ও একাডেমিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আগামী ৮ এপ্রিল ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার জন্য নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি বলবৎ থাকবে।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা এসেছে, আমরা সেটি মানতে বাধ্য। আগামীকাল থেকে নতুন সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সকল কার্যক্রম এই সময়সীমা মেনেই চলবে। নতুন কোনো নির্দেশনা পাওয়া গেলে তা অবিলম্বে জানানো হবে।”
বাবলু দেব, কুবি প্রতিনিধি 























