ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের আটকের প্রতিবাদে মিছিল করেছেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণ ও শিক্ষার্থী নেতা নেহা বোরা। শনিবার (১০ অক্টোবর) জোরবাগ থেকে দিল্লি হাট-আইএনএ অভিমুখে এ মিছিল বের হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মিছিলে যোগেন্দ্র যাদবের সঙ্গে হাঁটতে দেখা যায় তাঁর সাবেক সহকর্মী ও আইনজীবী প্রশান্ত ভূষণ এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরাকে। তবে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিছিলটির পরপরই আইসা সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।
এদিকে সিজেপির ‘যন্তর মন্তর ২.০’ শীর্ষক বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধার মধ্যে এ মিছিল হয়। দলটির গুরুত্বপূর্ণ নেতারা তখনো পুলিশের হেফাজতে থাকায় নির্ধারিত বিক্ষোভস্থলে পৌঁছাতে পারেননি।
এর আগে বিক্ষোভ কর্মসূচিতে পা রাখার আগেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুম্বাই থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আটক করে দিল্লি পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের আটক করতে পুলিশ সদস্যরা বিমানের ভেতরে প্রবেশ করেন।
নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি।
kalprakash.com/IM