বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২১:১২
শিরোনাম
৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা

জাতিসংঘে ট্রাম্পের ভাষণে যেসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬
শেয়ার: mail
জাতিসংঘে ট্রাম্পের ভাষণে যেসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বসেছে। প্রথম দিন গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৭ মিনিটের ভাষণে ইরান যুদ্ধ, গ্রিনল্যান্ড, জলবায়ু পরিবর্তন, ওয়াশিংটনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিশ্বশান্তিসহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন।

বিশ্লেষকেরা বলছেন, জাতিসংঘে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ গত বছরের চেয়ে কিছুটা কম বিস্ফোরক ছিল। তবে এবারও তিনি নানা বিষয়ে ভুল তথ্য দিয়েছেন বলে বিশ্লেষণে উঠে এসেছে।

যুদ্ধ বন্ধের দাবি নিয়ে প্রশ্ন

জাতিসংঘে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন এবং এটি তাঁর জন্য বড় সম্মানের। তবে সিএনএনের তথ্য-যাচাইয়ে দেখা গেছে, তাঁর উল্লেখ করা আটটি সংঘাতের মধ্যে কয়েকটি প্রকৃত অর্থে যুদ্ধ ছিল না এবং কয়েকটির ক্ষেত্রে সংঘাত এখনো পুরোপুরি শেষ হয়নি।

ট্রাম্প যে আটটি সংঘাতের কথা বলেন, সেগুলো হলো কম্বোডিয়া-থাইল্যান্ড, কসোভো-সার্বিয়া, রুয়ান্ডা-গণপ্রজাতন্ত্রী কঙ্গো, ভারত-পাকিস্তান, আর্মেনিয়া-আজারবাইজান, গাজা, ইসরায়েল-ইরান এবং মিসর-ইথিওপিয়া। বিশ্লেষণে বলা হয়, মিসর ও ইথিওপিয়ার বিরোধ ছিল মূলত একটি বাঁধ নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে কূটনৈতিক বিরোধ, পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। একইভাবে সার্বিয়া-কসোভোর পরিস্থিতিকেও যুদ্ধ হিসেবে চিহ্নিত করা নিয়ে প্রশ্ন রয়েছে।

এ ছাড়া রুয়ান্ডা ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে সংঘাত পুরোপুরি শেষ হয়নি; ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হলেও সহিংসতা সম্পূর্ণ বন্ধ হয়নি। গাজার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েল উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে। একইভাবে গত বছর ইসরায়েল-ইরানের স্বল্পস্থায়ী সংঘাত থামাতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা থাকলেও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই পক্ষ আবার যুদ্ধে জড়িয়ে পড়ে।

জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য

কৃত্রিম বুদ্ধিমত্তা এক সময় মানুষকে আক্রমণ করতে পারে—এই সতর্কবার্তা নিয়ে ভাষণে ঠাট্টা করেন ট্রাম্প। তিনি বলেন, এসব সতর্কতা দিচ্ছেন তাঁরাই, যাঁরা আগে বলেছিলেন বৈশ্বিক উষ্ণায়নের কারণে ১২ বছরের মধ্যে সবাই মারা যাবে। ট্রাম্প দাবি করেন, পরে গ্লোবাল ওয়ার্মিং শব্দটি বদলে ক্লাইমেট চেঞ্জ করা হয় কারণ পৃথিবী নাকি উষ্ণ হওয়ার বদলে ঠান্ডা হচ্ছিল এবং এ কারণে কেউ মারা যায়নি।

তবে এই বক্তব্যে একাধিক ভুল রয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। গ্লোবাল ওয়ার্মিং শব্দটি এখনো ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ক্লাইমেট চেঞ্জ শব্দটিও প্রচলিত—দুটির অর্থ ভিন্ন হলেও জলবায়ুবিজ্ঞানীরা দুটিই ব্যবহার করেন। পৃথিবী ঠান্ডা হচ্ছে এমন দাবির কোনো ভিত্তি নেই; বরং বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে উষ্ণ ১১ বছর হলো সাম্প্রতিক ১১ বছর, যার মধ্যে ২০২৩, ২০২৪ ও ২০২৫ ছিল সবচেয়ে উষ্ণ তিন বছর।

জলবায়ু পরিবর্তনের কারণে কেউ মারা যায়নি—এমন দাবির সঙ্গেও বিশেষজ্ঞরা একমত নন; বিভিন্ন হিসাবে এই সংখ্যা কয়েক মিলিয়ন হতে পারে বলে ধারণা করা হয়। এ ছাড়া বৈশ্বিক উষ্ণায়নের কারণে ১২ বছরে সবাই মারা যাবে—জলবায়ু বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ কোনো প্রতিবেদনে এমন কথা বলা হয়নি। ২০১৮ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে পরবর্তী ১২ বছরে কার্বন নিঃসরণ দ্রুত কমাতে হবে, নইলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও বাড়তে পারে।

বিনিয়োগ নিয়ে বিভ্রান্তি

ভাষণে ট্রাম্প দাবি করেন, পুরো বিশ্ব থেকে ২১ ট্রিলিয়ন ডলারের নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়েছে। তবে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য হিসাব দিতে পারেনি হোয়াইট হাউস। ট্রাম্পের ভাষণের সময় হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলা হয়, তাঁর দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের ঘোষণা এসেছে ১১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের, যা তাঁর দাবি করা অঙ্কের চেয়ে কম। ২০২৫ সালে সিএনএনের এক পর্যালোচনায়ও হোয়াইট হাউসের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছিল, যেখানে দেখা যায় তালিকায় কয়েক ট্রিলিয়ন ডলারের অস্পষ্ট প্রতিশ্রুতি ধরা হয়েছে।

মার্কিন অস্ত্রভান্ডারে ঘাটতি প্রসঙ্গ

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে টান পড়েছে—এমন দাবির কড়া সমালোচনা করেন ট্রাম্প এবং স্পষ্ট করে বলেন, অস্ত্রভান্ডারে কোনো ঘাটতি নেই। মার্কিন অস্ত্রভান্ডারে ঠিক কত অস্ত্র আছে, তা প্রকাশ করা হয় না বলে এই দাবি সম্পূর্ণ যাচাই করা সম্ভব নয়। তবে পেন্টাগনের ওপর নজরদারি করা সরকারি পরিদর্শক সংস্থা ও নির্দলীয় কংগ্রেশনাল বাজেট অফিস গত সপ্তাহে প্রকাশিত পৃথক দুটি প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্রের মজুত কমে গেছে, যদিও পেন্টাগন বরাবর ঘাটতি না থাকার দাবি করে আসছে।

ওয়াশিংটনে অপরাধ কমার দাবি নিয়ে প্রশ্ন

ট্রাম্প দাবি করেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার সময় ওয়াশিংটনে অপরাধ বেশি থাকলেও এখন তা ৮৭ শতাংশ কমেছে। তবে বিশ্লেষণে দেখা যায়, এই হার সঠিক নয়। ওয়াশিংটনের পুলিশের তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত ১৫ হাজারের বেশি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ কম। ওয়াশিংটন পোস্টের গত আগস্টের এক প্রতিবেদনেও বলা হয়, অপরাধ ৮১, ৮৮ বা ৯২ শতাংশ কমেছে—এমন দাবির পক্ষে কোনো তথ্য দিতে পারেনি হোয়াইট হাউস।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাতিসংঘে ট্রাম্পের ভাষণে যেসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে

বিস্তারিত কমেন্টে