মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখে দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক সাফল্য উদ্যাপনে আজ সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দেশে পৌঁছানোর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি বিশেষ ছাদখোলা বাসে করে রাজধানীতে শোভাযাত্রা শুরু করবে দলটি। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে।
বাফুফে জানিয়েছে, রাত ৭টা ৩০ মিনিটে সেখানে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাফুফে কর্মকর্তাদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানাবেন।
দেশের ফুটবলের এই সাফল্য সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে সমর্থকদের শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সাফল্যের পর ছাদখোলা বাসে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার রীতি জনপ্রিয় হয়ে উঠেছে।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 























