মাঠপর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেছেন, ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হন, তাই এসব সমস্যার দ্রুত ও আইনি সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্রিয় হতে হবে।
রোববার সকালে রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত নানা জটিলতা ও আইন-কানুন সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভালোভাবে ধারণা থাকতে হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, নিজেদের দক্ষতা বাড়িয়ে জনগণকে স্বচ্ছ ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কোনো কর্মকর্তার অনিয়ম বা অপকর্ম যেন পুরো প্রশাসনের সুনাম ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। কারণ মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রমের দায় শেষ পর্যন্ত সরকারের ওপরই বর্তায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবুল খায়ের। এতে আরও বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আব্দুর রউফ এবং অতিরিক্ত সচিব নাসরিন জাহান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
কাল প্রকাশ ডেস্ক 




















