সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমের মূল দায়িত্ব সত্যকে নির্ভয়ে তুলে ধরা। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতেই পারে। সেই ভুলগুলো চিহ্নিত করা, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। তিনি বলেন, অনেক ক্ষেত্রে সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হতে হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।
তিনি আরও বলেন, একটি দেশের গণমাধ্যম যত বেশি স্বাধীন ও শক্তিশালী হবে, সেই দেশের গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে। তাই ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ভালো কাজের স্বীকৃতি যেমন দিতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডও নির্ভয়ে তুলে ধরতে হবে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না; দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষে তিনি নবনির্বাচিত ঠাকুরগাঁও প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তারা সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
নিজস্ব প্রতিবেদক 






















